টেস্ট সিরিজ শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারানোর পথে আগ্রাসী ক্রিকেট খেলেছে ভারত। কেউ কেউ এর পেছনে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের অবদান দেখেছেন। কিন্তু সুনীল গাভাস্কার তা মনে করেন না।
ভারতীয় কিংবদন্তির মতে, এসব কিছুতে অবদান অধিনায়ক রোহিত শর্মার। ব্যাপারটি এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হয়তো এ নিয়ে কথাই হতো না আর। কিন্তু এ বিষয়ে একটি মন্তব্য করে এখন নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া কিংবদন্তি।
কানপুর টেস্টে একবার ফিরে তাকানো যাক। প্রথম দিনে ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে পরের দুই দিনে খেলা হয়নি। চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হওয়ার পর টেস্টের ফল বের করতে এবং সেটা নিজেদের পক্ষে আনতে আগ্রাসী ব্যাটিং করে ভারত। ওভারপ্রতি ৮.২২ গড়ে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে রোহিতের দল। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে ৯৫ রানের লক্ষ্য দিতে পারায় সহজেই হেরে বসে ভারতের কাছে।
ভারতের এই জয়ের পর দেশটির বেশ কিছু সংবাদমাধ্যম ইংল্যান্ডের ‘বাজবল’–এর অনুকরণে রোহিতের দলের এমন আক্রমণাত্মক খেলার নাম দেয় ‘বস–বল’ এবং ‘গাম–বল।’ পরের নামটির সঙ্গে যে গৌতম গম্ভীরের যোগসূত্র রয়েছে, সেটি না বললেও চলে। ইংল্যান্ড দলের যেমন ব্রেন্ডন ম্যাককালামের ‘বাজ’ নামের অনুকরণে ‘বাজবল।’ আর ‘বস–বল’ নামে গম্ভীরের সঙ্গে রোহিতেরযোগসূত্রও আছে। ভারত জাতীয় ক্রিকেট দলের ‘বস’ কারও চোখে রোহিত, কারও চোখে গম্ভীর।
ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টসস্টার’–এ গতকাল লেখা কলামে এ নিয়ে নিজের মতামত দেন গাভাস্কার, ‘একটি পত্রিকা ভারতের ব্যাটিংকে “বস–বল” বলছে, কারণ তাদের অধিনায়ক অথবা দলের “বস” রোহিত পথ দেখিয়েছে। “গাম–বল” বলা হচ্ছে ভারতের কোচ গৌতম গম্ভীরের জন্য।’
গাভাস্কার আরও লেখেন, ‘বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের সময়ে ইংল্যান্ডের ব্যাটিং সম্পূর্ণ পাল্টে গেছে। গত কয়েক বছর ধরে আমরা দেখছি রোহিত নিজে এভাবে ব্যাটিংয়ের পাশাপাশি বাকি সতীর্থদেরও তা করতে উৎসাহ দিচ্ছে। গম্ভীর কোচ হয়ে এসেছে মাত্র কয়েক মাস। তাই এই (আগ্রাসী ব্যাটিং) মানসিকতার সঙ্গে তাকে জুড়ে দেওয়াটা পদলেহনের সর্বোচ্চ পর্যায়। ম্যাককালাম যেভাবে ব্যাট করত, গম্ভীর নিজে সেভাবে খুব কমই ব্যাট করেছে। অবদান যদি কারও থেকে থাকে সেটা শুধু রোহিতের।


Post a Comment